Ireland Announce Squad for Historic Test Against New Zealand

ঐতিহাসিক টেস্ট ম্যাচের জন্য শক্তপোক্ত স্কোয়াড ঘোষণা করল আয়ারল্যান্ড। বেলফাস্টে নিউজিল্যান্ড-এর বিরুদ্ধে এই টেস্ট ম্যাচের জন্য ১৪ সদস্যের দলে সুযোগ পেয়েছেন চারজন অনভিজ্ঞ তরুণ ক্রিকেটার। তারা হলেন ওপেনার জেক এগান এবং তিন পেস বোলার টম মেয়েস, রুবেন উইলসন ও লিয়াম ম্যাকার্থি।
টম মেয়েস ও লিয়াম ম্যাকার্থি আগেই সীমিত ওভারের আন্তর্জাতিক ম্যাচে আয়ারল্যান্ডের হয়ে খেলেছেন। তবে জেক এগান ও রুবেন উইলসনের জন্য এটি হতে চলেছে প্রথম আন্তর্জাতিক অভিজ্ঞতা। উল্লেখযোগ্য বিষয় হলো, এই দুই তরুণ মাত্র চলতি সপ্তাহেই এমারেল্ড চ্যালেঞ্জ প্রতিযোগিতার মাধ্যমে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক করেছেন। এই প্রতিযোগিতিতে আয়ারল্যান্ডের শীর্ষ লাল বলের ক্রিকেটাররা অংশ নেন।
এই টেস্ট ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন অ্যান্ড্রু বালবির্নি। তবে বড় ধাক্কা হিসেবে স্কোয়াডে থাকছেন না দলের অন্যতম অভিজ্ঞ ব্যাটার পল স্টার্লিং। এমারেল্ড চ্যালেঞ্জ চলাকালীন গ্রেড ২সি পেশির চোটে পড়ে তিনি ছিটকে গেছেন। এর আগে চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে হাঁটুর চোটে তার অভিযান ব্যাহত হয়েছিল।
হেড কোচ হাইনরিখ মালান জানান, নতুন চোটটি আগের হাঁটুর সমস্যার সঙ্গেই যুক্ত। তার কথায়, “হাঁটুর পুরনো সমস্যাকে ঘিরে কিছু ছোটখাটো জটিলতা থেকেই যাচ্ছে।”
বোলিং বিভাগেও ধাক্কা
আয়ারল্যান্ডের পেস আক্রমণেও বড় আঘাত এসেছে। ব্যারি ম্যাকার্থি বাঁ হাঁটুর এসিএল চোটের কারণে পুরো বছরের জন্য মাঠের বাইরে। এছাড়া গ্যাভিন হোই, জশ লিটল ও জর্ডান নিল ফিটনেস সমস্যার কারণে নির্বাচনের জন্য উপলব্ধ ছিলেন না। হোই সাইড স্ট্রেন থেকে সেরে উঠছেন, লিটলের পাঁজরে স্ট্রেস ফ্র্যাকচার এবং নিলের ডান কাঁধে পেশির চোট রয়েছে।
কার্টিস ক্যাম্ফার স্কোয়াডে থাকলেও তিনি শুধুমাত্র ব্যাটার হিসেবেই খেলবেন, কারণ এখনো পুরোপুরি বোলিংয়ে ফিরছেন না।
এই টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে বেলফাস্টের সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাবে। লাল বলের ক্রিকেটে আরেকটি স্মরণীয় সাফল্য অর্জনের লক্ষ্য নিয়েই মাঠে নামবে আয়ারল্যান্ড। সর্বশেষ ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশ সফরে দুই টেস্টেই পরাজিত হয়েছিল দলটি।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টের জন্য আয়ারল্যান্ড স্কোয়াড
অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার, কেড কারমাইকেল, স্টিফেন ডোহেনি, জেক এগান, ম্যাথিউ হামফ্রিজ, টম মেয়েস, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, লিয়াম ম্যাকার্থি, হ্যারি টেক্টর, লরকান টাকার, রুবেন উইলসন, ক্রেইগ ইয়ং